৩১ মার্চ ২০২৬

রূপপুর দুর্নীতিতে জড়িত গণপূর্তের ৩০ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

বাংলাধারা ডেস্ক »

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের জন্য নির্মিত আবাসিক ভবনের জিনিসপত্র কেনাকাটায় দুর্নীতি ও অনিয়মের দায়ে গণপূর্ত মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গৃহায়ণমন্ত্রী শ ম রেজাউল করিম।

মন্ত্রী বলেন, অনিয়মের ঘটনা তদন্তে গঠিত দুই কমিটির প্রতিবেদনে ৩৬ কোটি ৪০ লাখ ৯ হাজার টাকা অতিরিক্ত বিল প্রদানের কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় মন্ত্রণালয়ের ১৫ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

রেজাউল করিম বলেন, পিপিআর অমান্য করে ট্রেন্ডার আহ্বান করায় আরও এক কর্মকর্তার বিরুদ্ধে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অবসরে ও এলপিআরে থাকা চারজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় একজন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ঘটনার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চারজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে বলেও জানান গৃহায়ণমন্ত্রী।

তিনি আরও বলেন, যে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই অনিয়মের সঙ্গে সম্পৃক্ত তাদের কাছ থেকে ৩৬ কোটি ৪০ লাখ ৯ হাজার টাকা উদ্ধারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে যেকোনো ঠিকাদারি প্রতিষ্ঠান ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম থেকে দূরে থাকবে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন