ক্রীড়া ডেস্ক»
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করলো বাংলাদেশ। টি-টোয়েন্টিতে রানের হিসেবে বাংলাদেশের এটি সবচেয়ে বড় ব্যবধানের জয়।
প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহর ৫০ ও সাকিবের ৪৬ রানে ভর করে বিশ্বকাপের এ আসরে নিজেদের সর্বোচ্চ ১৮১ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৯৭ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশের দেয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পিএনজি’র টপ অর্ডার।
অষ্টম উইকেটে ২৬ বলে ২৫ রানের জুটি গড়েন চাদ সোপার ও কিপলিন ডরিগা মিলে। ১২ বলে ১১ করে বিদায় নেন সোপার।
নবম উইকেটে কাবুয়া মরেয়াকে নিয়ে ১৭ বলে আরও ২৫ রান তুলেন ডরিগা। ৬ বলে ৩ রান করে মাঠ ছাড়েন মরেয়া।
ডরিগার সঙ্গে ১১ বলে ১৭ যোগ করেন শেষ ব্যাটার ডেমিয়েন রাভু। পাঁচ বলে পাঁচ রান করে ফেরেন রাভু। অন্যদিকে একা লড়াই চালিয়ে যাওয়া ডরিগা ৩৪ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন। যা নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ রান। তার ব্যাট থেকে দুটি করে ছক্কা ও চার আসে।
বাংলাদেশের হয়ে চারটি উইকেট আদায় করেন সাকিব আল হাসান। অন্যদিকে ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রান তুলেন তিনি। ফলে টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন সাকিব।
এদিন দুটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও তাসকিন আহমেদ। একটি উইকেট তুলেছেন শেখ মাহাদী হাসান।
বাংলাধারা/এফএস/এফএস












