২৮ মার্চ ২০২৬

রেজাউল-লিটনের গণসংযোগে রামপুর ২৫ নম্বর ওয়ার্ডে গণমানুষের ঢল

বাংলাধারা  প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমি চট্টগ্রামের সন্তান। আমাকে ভোট দিয়ে একটিবার চট্টগ্রামের উন্নয়নে কাজ করার সুযোগ দিন। আমি চট্টগ্রামের মানুষের সেবা করে এই মাটির ঋণ শোধ করতে চাই।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নগরের রামপুর ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

এসময় রেজাউল করিম চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও শেখ হাসিনার কর্মী। আমি মানুষ ভালবাসি, মানুষের কাছে থাকি। যে কোন সুবিধা অসুবিধা নিয়ে মানুষ যে কোন সময় আমার কাছে আসতে পারেন, কথা বলতে পারেন। আমি মানুষের কাছে যাই, মানুষ আমার কাছে আসে। মেয়র নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের দুয়ার সকল মানুষের জন্য উম্মুক্ত থাকবে। আধুনিক প্রযুক্তি ও হটলাইন সেবার মাধ্যমে সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে দিনরাত ২৪ঘন্টা মানুষের সাথে সংযুক্ত থাকবে কর্পোরেশন।

উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়ে রেজাউল করিম চৌধুরী আরো বলেন, নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে-চিন্তে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। বিশ্বে যে ক’জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। আমাদের প্রধানমনন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী।

এসময় ভোটারদের লক্ষ্য করে তিনি বলেন, ২৭ জানুয়ারি নৌকা মার্কায় আমাকে এবং টিফিন ক্যারিয়ার মার্কায় আবদুস সবুর লিটনকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

উক্ত গণসংযোগে ২৫ নং রামপুর ওয়ার্ড হতে কাউন্সিলর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী আবদুস সবুর লিটন বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যানের জন্য, কাউন্সিলর হতে চাই মানুষের সেবা করার জন্য। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সিটি হিসেবে গড়তে চান। চট্টগ্রামের মানুষের জীবনমানের উন্নতি করতে চান। চট্টগ্রামের মানুষের সেবা করার জন্য, গুরুত্বসম্পন্ন উন্নত বিশ্বমানের চট্টগ্রাম গড়ার জন্য তিনি আমাদের প্রতি আস্থা রেখে মেয়র পদে রেজাউল করিমকে মনোনয়ন ও নৌকা প্রতীক এবং ২৫ নং রামপুর ওয়ার্ডে কাউন্সিলর পদে আমাকে মনোনয়ন ও টিফিন ক্যারিয়ার প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন ভোট চাইতে।

তিনি আরো বলেন, নির্বাচিত হয়ে আমি ২৫ নং রামপুর ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, রাহাজানি, যানজট, জলজট মুক্ত এবং পরিবেশ বান্ধব, নারী ও শিশু বান্ধব, শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া বান্ধব, বাণিজ্য অনুকুল, স্বাস্থ্য সম্মত ওয়ার্ডে গড়ে তুলবো।

এসময় তৃণমূলের ওয়ার্ডবাসী ও সর্বস্তরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে গণসংযোগস্থল জমজমাট হয়ে উঠে। হাজার হাজার নারী-পুরুষ এক যুগে এই গণসংযোগকে বিপুল উৎসাহে সমর্থন জানান।

বৃহস্পতিবারের গণসংযোগে চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর পদপার্থী আবদুস সবুর লিটনসহ আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম নগরের আওয়ামী লীগের নেতা-কর্মী, স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও গণমানুষ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন