বাংলাধারা ডেস্ক »
রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা রেনুকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তবে তারপক্ষে কোনো আইনজীবী ছিল না।
বুধবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এই আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা ইনস্পেকটর আব্দুল রাজ্জাক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন দেন। রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষে ছিলেন মাইদুল ইসলাম পলক, জাহিদুল ইসলামসহ আরও অনেকে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি’র যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় ডিবি পূর্ব বিভাগের একটি টিম অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, শনিবার সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান তাসলিমা রেনু (৪০)। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনিতে হত্যা করা হয়।
এ ঘটনায় এ দিন রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগনে নাসির উদ্দিন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












