২৬ মার্চ ২০২৬

রেলের ভূমিতে অবৈধ গ্যারেজ ও বিদ্যুৎ, ম্যাজিস্ট্রেটের হানা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে রেল ভূমি থেকে অবৈধ দখলদার সিন্ডিকেটকে মঙ্গলবার (৪ জানুয়ারি) উচ্ছেদ করেছে রেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা।

কয়েক বছর ধরে এই সিন্ডিকেট মিথ্যা লিজ ঘোষণা দিয়ে খুলশী রেলগেট সংলগ্ন প্রায় ৮ শতক ভূমিতে গাড়ি মেরামতের গ্যারেজ নির্মাণ করে। রেলের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে আয় করে আসছিল বিসমিল্লাহ মোটর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। শুধু তাই নয়, এই গ্যারেজে পিডিবি’র অবৈধ বিদ্যুত সংযোগ ব্যবহার করা হচ্ছিল।

অভিযোগ রয়েছে, উচ্ছেদ অভিযানকালে এই বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের জন্য পিডিবির খুলশী বিক্রয় ও বিতরণ কেন্দ্রকে জানানো হলেও তারা সাড়া দেয়নি। উল্টো জানিয়েছে— এটি তাদের সংযোগ নয়, এ সংযোগটি কেজিসিএএল নামক একটি বেসরকারি বিদ্যুৎ সংস্থার।

দেখা গেছে, খুলশী রেলগেট সংলগ্ন জাকির হোসেন বাইলেনে রেলের লিজবিহীন প্রায় আট শতক জায়গা রয়েছে। কিন্তু এই জায়গা সংলগ্ন পুকুরটি মৎস লাইসেন্সের আওতায় রয়েছে। তবে এই জায়াগাটি রেল কর্তৃপক্ষ লিজ না দিলেও ঝাউতলাস্থ টিএন্ডটি অফিস সংলগ্ন বিসমিল্লাহ মোটর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এই জায়গায় গাড়ির মেরামত ও ডেন্টিং এবং পেইন্টিংয়ের ব্যবসা পরিচালনা করে আসছিল। গত একমাস আগেও রেলের বিভিাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার পক্ষ থেকে অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু মাস পার না হতেই আবারো রেলের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে একই কার্যক্রম পরিচালনা করছিল বিপ্লব সেন নামের এক ব্যবসায়ী। ফলে রেল বিনা নোটিশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

রেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম বাংলাধারা প্রতিবেদককে বলেন, ‘কোন ধরনের লিজ না নিয়ে এমনকি অন্য জনের লিজকৃত জায়গাকে নিজের বলে চালিয়ে আসছিল বিপ্লব সেন। অবৈধভাবে রেলের ভূমি ব্যবহারের কারণে এই মোটর গ্যারেজটি উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৮ শতক জায়গা। যার আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা। এ উচ্ছেদ অভিযানে সহায়তা করেছে রেলেওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা।’

বাংলাধারা/এমএ

আরও পড়ুন