১৮ মার্চ ২০২৬

রোনালদো ঝলকে পর্তুগালের জয়, জার্মানির ভুলে জিতে গেল ফ্রান্স

বাংলাধারা স্পোর্টস  »

জয় দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে শেষ কয়েক মিনিটে হাঙ্গেরির রক্ষণভাগ এলোমেলো করে দেয় তারা। রোনালদোর সঙ্গে জালের দেখা পেয়েছেন আরেক পর্তুগিজ রাফায়েল গেরেইরো।

মঙ্গলবার(১৫ জুন) ‘এফ’ গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। বড় জয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করল ফার্নান্দো সান্তোসের দল।

এদিন বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ম্যাচের ৭০ ভাগ সময় বল দখলে রাখলেও ৮০ মিনিট পর্যন্ত হাঙ্গেরির রক্ষণ ভাঙতে পারেনি পর্তুগাল। অবশেষে ৮৪ মিনিটে শেষ হয় অপেক্ষার প্রহর। প্রতিপক্ষের ডি-বক্সে গেররেইরোর নেওয়া শট স্বাগতিকদের একজনের পায়ে লেগে চলে যায় ঠিকানায়।

এরপরই গোল উৎসবে যোগ দেন রোনালদো। রাফা সিলভা ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় পর্তুগাল। সেই সুযোগ হাতছাড়া করেনি তারা। ৮৭ মিনিটে সফল স্পট-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এরপর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন সিআর সেভেন।

দেশের হয়ে এই নিয়ে ১৭৫ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা হলো ১০৬টি। আর ৩টি হলে ইরানের আলি দাইয়ের গড়া আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন জুভেন্টাস তারকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার জার্মানির বিপক্ষে খেলবে পর্তুগাল। একই দিন ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে থেকে হাঙ্গেরি।

এই গ্রুপের দিনের অন্য ম্যাচে প্রতিপক্ষ জার্মানির ভুলে কোনোমতে জয় নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করল গত আসরের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। বল দখল, পাস, আক্রমণ—সবকিছুতেই এগিয়ে ছিল জার্মানি। কিন্তু, ম্যাচের শুরুর দিকে বড় ভুল করে ফেললেন মাটস হুমেলস। তাঁর আত্মঘাতী গোলে ফ্রান্সকে জয় উপহার দিল ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ‘এফ’ গ্রুপের ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ইউরোপিয়ান এই প্রতিযোগিতায় প্রথমবার নিজেদের প্রথম ম্যাচে হারল জার্মানি।

এদিন ম্যাচটিতে আধিপত্য বেশি ছিল জার্মানিরই। ম্যাচের ৬২ শতাংশ সময় বল দখলে রেখেছে তারা। আক্রমণেও এগিয়ে ছিল। দশবার শট নেয় তারা। অন্যদিকে ৩৮ ভাগ সময় বল দখলে রাখা ফ্রান্স শট নেয় চারবার।

এমন ম্যাচে বড় ভুল করে ফেললেন জার্মানির হুমেলস। ম্যাচের ২০তম মিনিটে ফরাসি মিডফিল্ডার পল পগবার দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে গোলমুখে কিলিয়ান এমবাপের উদ্দেশে বল বাড়ান লুকা এরনঁদেজ। জার্মানিকে বিপদমুক্ত করতে গিয়ে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠানোর চেষ্টা করেন ডিফেন্ডার হুমেলস। কিন্তু দুর্ভাগ্যক্রমে বল চলে যায় জালে। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ভাসে ফ্রান্স। শেষ দিকে আর গোল না এলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন