৪ মার্চ ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ৪৮ ঘণ্টার ব্যবধানে শিশুসহ ২ খুন

সায়ীদ আলমগীর (কক্সবাজার) জেলা প্রতিনিধি»

নিজ দেশ মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে মানবিক আশ্রয় থাকা রোহিঙ্গারা নিরাপত্তার জন্য ক্রমশ হুমকিতে পরিণত হচ্ছে। উখিয়া-টেকনাফের শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করা ১১ লাখের বেশি রোহিঙ্গার মাঝে একাধিক সন্ত্রাসী দল মাথাচাড়া দিয়ে উঠছে। ইয়াবা, মানবপাচার ও হাটবাজার নিয়ন্ত্রণে রাখতে জন্ম হওয়া এসব সন্ত্রাসী গোষ্ঠীর কারণে বাড়ছে হামলা ও সংঘর্ষের ঘটনা। চলছে অস্ত্রের মহড়াও। বাড়ছে খুন, অপহরণ, ধর্ষণ, মাদক চোরাচালানসহ নানা অপরাধ।

টেকনাফের ক্যাম্পে বৃহস্পতিবার (৪মার্চ) সন্ধ্যা হতে শুক্রবার (৫মার্চ) সন্ধ্যা পর্যন্ত ৪৮ ঘন্টা সময়ের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অপহরণের পর খুন ও শিশুদের ঝগড়ার জেরের মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এ দুটি হত্যাকান্ড সংঘটিত হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক অথবা গ্রেফতার হয়নি বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ৮টার দিকে টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের ঝগড়ার জেরধরে দু’ভাইয়ের লাঠির আঘাতে হাসান আহমেদ নামের এক রোহিঙ্গা পিতা নিহত হয়েছেন। তিনি ২৭নং জাদিমোরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-৬ ব্লকের ঠান্ডা মিয়ার ছেলে।

এর আগে বিকেলে, ২৭নং জাদিমোরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-৬ ব্লকের হাসান আহমেদের বাড়ির আঙ্গিনায় তার (হাসানের) ও প্রতিবেশী ইলিয়াছের শিশুরা খেলা করছিল। খেলতে গিয়ে দু’পরিবারের শিশুদের মাঝে ঝগড়া হলে বয়োবৃদ্ধ রোহিঙ্গারা শিশুদের থামিয়ে দিয়ে যার যার বাড়ি পাঠিয়ে দেন। মাগরিবের নামাজের পর হাসান তার ছেলেদের মারধর করার বিচার চেয়ে একই ক্যাম্পের ইলিয়াস নামের রোহিঙ্গার ঘরে সালিশ দিতে যায়। তখন ইলিয়াস ও তার ভাই নুর সালিশ দিতে আসা হাসানের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়। তখনও উপস্থিত রোহিঙ্গারা তাদের থামিয়ে পৃথক করে দেয়।

ঘটনার পর রাত ৮টার দিকে হাসান রাস্তা দিয়ে হেটে যাবার সময় ইলিয়াস এবং তার ভাই নুর হোসেন লাঠি দিয়ে হাসানের মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটে পড়ে হাসান। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ক্যাম্প হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয় সেখানে রাত ১২টারদিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোহিঙ্গা হাসান মারা যান।

অপরদিকে, শুক্রবার (৫ মার্চ) টেকনাফে শাহিনা নুর (৮) নামের এক রোহিঙ্গা কিশোরীর হাতকাটা লাশ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। নয়াপাড়া নিবন্ধিত মৌচনি সি ব্লকের ক্যাম্পের পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের তিনদিন আগে শাহিনা নিখোঁজ হয়েছিল।

শাহিনা নুর ঐ ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা মো. জোবাইরের মেয়ে।

এরআগে গত ১ মার্চ বিকেলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় শাহিনা নুর। পরে তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন স্বজনেরা। শুক্রবার সন্ধ্যায় রোহিঙ্গাদের সহতায় তার লাশ উদ্ধার করে পুলিশ সদস্যরা। এসময় তার চেহেরা বিকৃত ছিল। নির্মমভাবে কিশোরীকে হত্যা করা হয়েছে। এমনকি তার বাম হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। লাশের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

রোহিঙ্গা ক্যাম্পের দায়ীত্বে থাকা ১৬ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক বলেন, লাঠি দিয়ে আঘাতে খুন করাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও অপরাধীরা আত্মগোপনে চলে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আর কিশোরী খুনের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ