১৩ মার্চ ২০২৬

লকডাউনেও অবাধে চলছে মানুষের আনাগোনা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীতে লকডাউনের সব বিধি অমান্য করে বুধবার সকাল থেকেই রেডজোন এলাকায় প্রবেশ করছে হাজার হাজার গার্মেন্টস কর্মী। এ নিয়ে এলাকাবাসীসহ সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর লকডাউন কার্যকর শুরু হয়েছে নগরীর ১০নং উত্তর কাট্টলি ওয়ার্ডে। করোনা ঝুঁকিতে থাকা রেড জোনগুলোর মধ্যে এ ওয়ার্ডকে প্রথম লকডাউন ঘোষণা করা হয়।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে সিটি মেয়র এলাকার ১৪টি প্রবেশ পথের সবগুলো বন্ধসহ লকডাউন করেন উত্তর কাট্টলি ওয়ার্ড। সপ্তাহব্যাপী এ নিয়ে মাইকিং-লিফলেট দিয়ে সচেতন করে আসছেন। বুধবার সকাল থেকে ঠিকই লকডাউনের সব বিধি ভেঙে প্রথম দিনই এলাকায় প্রবেশ করছে হাজার হাজার গার্মেন্টসকর্মী।

লকডাউন করা রেডজোন এলাকায় গার্মেন্টসকর্মীদের এভাবে প্রবেশ করা নিয়ে অভিযোগ তুলেছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, লকডাউনের সব বিধি ভেঙে এভাবে অবাধে হাজার হাজার বহিরাগত এলাকায় প্রবেশকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সিটি করপোরেশনের কাউকে দেখা যায়নি।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী গনমাধ্যমকে দেয়া এক প্রশ্নের জবাবে বলেন, আজ লকডাউনের প্রথম দিন তো, তাই এমনটা ঘটছে। বিষয়টি আমরা দেখছি।

যদিও এর আগে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় লকডাউন এলাকার কেউ বাইরে যেতে কিংবা বাইরে থেকে কেউ ওই এলাকায় প্রবেশ করতে পারবে না। তবে স্বাস্থ্যকর্মীসহ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা বের হতে পারবেন।

প্রাথমিকভাবে ২১ দিনের জন্য এই লকডাউন চলবে বলে জানিয়েছে সিটি করপোরেশন। এ সময় প্রধান সড়কে দূরপাল্লার গাড়িতে যাত্রী ওঠা-নামা করতে পারবে না। রাত ১২টার পর পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে। আর এই এলাকায় সেনা টহল থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

লকডাউনকালীন সাধারণ মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো- ০৩১-৪৩১৫১৩৬৮, ০৩১-৪৩১৫১৩৬৯, ০৩১-৪৩১৫১৩৭০, ০৩১-৪৩১৫১৩৭১, ০৩১-৪৩১৫১৩৭২, ০১৮১৯-০৫৬৮৪৪ এবং ০১৮১১-৮৮৭০৮৪। এলাকার মানুষের সার্বিক সহায়তার জন্য মহল্লা ভিত্তিক সেচ্ছাসেবক টিমও কাজ করবে। লকডাউন কার্যকর থাকাকালীন স্থানীয় বাসিন্দারা যেকোনো সমস্যা এসব নম্বরে ফোন করে জানাতে পারবেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ