বাংলাধারা প্রতিবেদন »
উত্তর কাট্টলীর পর এবার লকডাউন হতে যাচ্ছে নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ড! চকবাজার ওয়ার্ডের কাউন্সিলরের দেয়া এক বক্তব্যে এমন পূর্বাভাস দেয়া হয়েছে।
করোনা পরিস্থিতিতে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির দ্বিতীয় সভায় গত ১৩ জুন চট্টগ্রাম নগরীর ১০টি ওয়ার্ডকে করোনার জন্য রেড জোন ঘোষণা করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে মঙ্গলবার (১৬ জুন) রাত ১২টার পর থেকেই নগরীর প্রবেশদ্বারের ওয়ার্ড ১০নং উত্তর কাট্টলীকে লকডাউন করা হয়েছে। চট্টগ্রামে উত্তর কাট্টলী দিয়ে লকডাউন শুরু হলেও পরিস্থিতি বিবেচনা করে এবার নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ডকে লকডাউন করার পরিকল্পনা করা হচ্ছে।
পরিকল্পনা বিষয়ে ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু বিষয়টি স্বীকার করে স্থানীয় এক গণমাধ্যমকে জানিয়েছেন, চকবাজার ওয়ার্ড লকডাউনের প্রস্তুতি আমরা শুরু করেছি। কখন থেকে লকডাউন হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে উত্তর কাট্টলীর পর অন্য ওয়ার্ড লকডাউনের আগে চকবাজার লকডাউনের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে ১০টি ওয়ার্ড। ‘রেড জোন’ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- ১০নং উত্তর কাট্টলী, ১৪নং লালখান বাজার, ১৬নং চকবাজার, ২০নং দেওয়ান বাজার, ২১নং জামালখান, ২২নং এনায়েত বাজার, ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড, ৩৭নং উত্তর মধ্যম হালিশহর, ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ও ৩৯নং দক্ষিণ হালিশহর।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












