১৯ মার্চ ২০২৬

লকডাউন বাড়ছে আরও এক সপ্তাহ, সন্ধ্যায় প্রজ্ঞাপন

বাংলাধারা ডেস্ক  »

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় চলমান কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় জাতীয় টেকনিক্যাল কমিটি গতকাল রোববার বৈঠক করে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে। সেই আলোকে আজ আমরা আন্তমন্ত্রণালয়ের ভার্চুয়াল বৈঠক করেছি। বৈঠকে ২২ এপ্রিল থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।’

‘বৈঠকের সংক্ষিপ্তসার তৈরি করে দ্রুততম সময়ে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আজ সন্ধ্যায় এ ব্যাপারে প্রজ্ঞাপন হতে পারে’, যোগ করেন ফরহাদ হোসেন।

এর আগে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমাতে গত ৫ এপ্রিল লকডাউন ঘোষণা করলেও, সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, ইত্যাদি খোলার রাখার অনুমতি দিয়েছিল। এরই একদিন পরে রাস্তায় গণপরিবহনের সংকট দেখা দিলে ৭ এপ্রিল থেকে সিটি করপোরেশন এলাকা গণপরিবহণ চলার অনুমতি দেয় সরকার।

সর্বশেষ ১৪ এপ্রিল সকাল থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন