লক্ষ্মীপুরে জনতা ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) কর্তৃপক্ষ মোটরসাইকেল আরোহীদের তেল দেওয়ার নির্ধারিত সময় বেঁধে দিয়ে ১ ঘণ্টা আগেই পাম্পে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে শতাধিক মোটরসাইকেল আরোহী।
সোমবার (৩০ মার্চ) দুপুরে খবর পেয়ে জেলা শহরের দক্ষিণ তেহমুনীর জনতা ফিলিং স্টেশনে (পেট্রোল পাম্প) অভিযানে এসে ফিরে যান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও ভূমি কমিশনার অভি দাস।
একাধিক মোটরসাইকেল আরোহী ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকর্মীদের জানান, দীর্ঘদিন ধরে দক্ষিণ তেহমুনীর পেট্রোল পাম্পে সম্পূর্ণভাবে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ করে দেয় পাম্প কর্তৃপক্ষ। হঠাৎ রোববার দিনের বেলা পাম্প কর্তৃপক্ষ তেল বিক্রি করে। সন্ধ্যা ও রাতে তেলের জন্য আসলে পাম্প ম্যানেজার মো. রাসেলসহ অন্য কর্মচারীরা নির্ধারিত সময় বেঁধে দেয়—(আজ) মঙ্গলবার বেলা ১১টার দিকে তেল বিক্রি করা হবে। এজন্য আমরা সকাল ৯টার পর থেকে তেলের জন্য পেট্রোল পাম্পে অবস্থান নিই। হঠাৎ ১০টার পর তারা অফিস কক্ষে তালা ঝুলিয়ে পাম্প থেকে চলে যায়।
মেসার্স জনতা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম ও তার ম্যানেজার রাসেলের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, খবর পেয়ে আমরা পেট্রোল পাম্পটি পরিদর্শন করি। পাম্প কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন। আমরা তাকে দায়িত্ব দিয়েছি—পেট্রোল পাম্পের অফিসের লোকজন আসলে আমাদের জানাতে।












