৪ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে মদিনা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আডিয়াতলি এলাকায় অবস্থিত মদিনা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক লক্ষ্মীপুরের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা। এ সময় ভোক্তা অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলার সহকারী পরিচালক নুর হোসেন এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পণ্যের উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে মদিনা বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিকে সতর্ক করে বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

অভিযানকালে লক্ষ্মীপুর মডেল থানার একটি চৌকস পুলিশ দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ