নিজস্ব সংবাদদাতা, লামা »
করোনা করোনা আতঙ্কে দেশ যখন জুবুথুবু, তখন বান্দরবানের লামায় মানবতার এক অনন্য নজির সৃষ্টি করল গাছ ব্যবসায়ীদের সংগঠন ‘লামা জোত মালিক সমিতি’।
সংগঠনটির নিজস্ব উদ্যোগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপি দুস্থ ও অভাবগ্রস্থ ১৮০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
জোত মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল বলেন, আমরা লামা পৌরসভার ১৬৬ পরিবার ও রুপসীপাড়া ইউনিয়নের ১৪ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১টি ডেটল সাবান ও ১ কেজি লবণ দেয়া হয়। ভবিষ্যতে আমাদের এই ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জোত মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, সাধারণ সম্পাদক মো. সেলিম, সদস্য ফতেহ আলী, মো. হারুণ অর রশিদ, মো. সাখাওয়াত হোসেন খোকন সহ প্রমুখ।
অপরদিকে লামা মোটর সাইকেল সমিতির (লামা-গজালিয়া রোড) নিজস্ব উদ্যোগে সমিতির ২১০ জন মোটর সাইকেল চালকের মাঝে ২ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করা হয়। সমিতির সভাপতি মো. সাখাওয়াত হোসেন খোকন বলেন, আমরা প্রতিটি সদস্যের বাড়ি বাড়ি গিয়ে জনপ্রতি ২ হাজার টাকা বিতরণ করেছি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












