৩০ মার্চ ২০২৬

লামায় দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ, আহত ৯

বাংলাধারা ডেস্ক »

ভূমি বিরোধের জের ধরে লামায় দুই ভাইয়ের পরিবারের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বড় ভাই মো. হোসেন এর পরিবারের ৬ জন ও মো. মঞ্জুর আলম পরিবারের ৩ জন গুরুতর আহত হয়ে লামা হাসপাতালে ভর্তি রয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশী এলাকায় এ ঘটনা ঘটে।

মো. হোসেন তার পরিবারের আহতরা হল, আছমাউল হুসনা (২০) পিতা- মো. হোসেন, হালিমা হোসেন (৪৮) স্বামী- মো. হোসেন, শাকিবুল হাসান (১৭) পিতা- মো. হোসেন, আতিকুল হাসান (২৭) পিতা- মো. হোসেন, মো. হোসেন (৫০) পিতা- মৃত সোলতান আহাম্মদ ও রবিউল হাসান (২৮) পিতা- মো. হোসেন।

মো. মঞ্জুর আলম পরিবারের সদস্যরা হল- শাহেনা বেগম (৪৮) স্বামী- মো. মঞ্জুর আলম, মো. মঞ্জুর আলম (৫০) মৃত সোলতান আহাম্মদ ও ফাতেমা আক্তার (২২) পিতা- মো. মঞ্জুর আলম।

গুরুতর আহত রবিউল হাসান বলেন, বাড়ি জায়গা নিয়ে আমাদের বাবা-চাচার মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ রয়েছে। আজ সোমবার ভোরে আমরা বাড়ি তৈরি জন্য গাড়িতে করে ইট আনতে গেলে আমার চাচা মো. মঞ্জুর আলম ও তার পরিবারের লোকজন বাধা দেয়। বাধা উপেক্ষা করে ইটের গাড়ি বাড়িতে প্রবেশ করতে গেলে তারা প্রথমে আমাদের চোখে মুখে মরিচের গুরা ছিটিয়ে দেয়। তারপর ১০/১৫ জন সংঘবদ্ধ হয়ে দা, ছুরি ও লাঠি দিয়ে মারধর করে। তাদের দা ও ছুরির আঘাতে আমাদের পরিবারের ৬ জন গুরুতর আহত হয়েছে। সবাইকে সকাল ৭টা ৫০ মিনিটে লামা সরকারি হাসপাতালে ভর্তি করি।

লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত সহকারি মেডিকেল অফিসার ডাক্তার মো. কাইছার বলেন, প্রথমে আসা মো. হোসেন পরিবারের ৬ জনের সবার শরীরে দা ও ছুরির আঘাতে চিহ্ন আছে।

মো. মঞ্জুর আলম বলেন, বিরোধীয় জায়গায় আমার বড় ভাই মো. হোসেন বাড়ি করতে প্রস্তুতি নিচ্ছিল। আমরা বাধা দিই। তারা বাধা উপেক্ষা করে কাজ করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। তারাও আমাদের ৩ জনকে মেরে আহত করেছে। আহতদের সকাল সাড়ে ৮টায় লামা হাসপাতালে ভর্তি করি।

স্থানীয় ইউপি মেম্বার মো. শফিউল আলম বলেন, দুই ভাইয়ের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এর আগের অনেকবার সংঘর্ষ হয়েছে। স্থানীয়ভাবে সমাধান করতে গেলে তারা বিচার মানে না।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল ও লামা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। উভয়পক্ষকে শান্ত থেকে চিকিৎসা করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন