বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের লামা উপজেলায় শশুর বাড়িতে বেড়াতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন মংক্যচিং মার্মা (৩৫) নামের এক ব্যক্তি।
সোমবার (৪ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে রুপসী পাড়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডের অংহ্লা পাফার গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মংক্যচিং মার্মা রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাঙ্গালখালী এলাকার বাসিন্দা। পাড়ায় আথুইমং মার্মার বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মংক্যচিং মার্মা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালখালী এলাকায় জেএসএস-এর সক্রিয় কর্মী ছিল। তাদের নিজস্ব দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত মংক্যচিং মার্মার শ্যালক অংসিং মার্মা (২৮) বলেন, ‘তার বড় বোনের স্বামী মংক্যচিং মার্মা গতকাল সোমবার রাত ৭টায় বেড়াতে আসে। রাত সাড়ে ১২টায় ৬জন অস্ত্রধারী সন্ত্রাসীরা বাড়ি ঘিরে ফেলে। তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোন জামাইকে গুলি করে। সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে ও কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র ও রশি ছিল।’
স্থানীয় ইউপি সদস্য সীতারঞ্জন বড়ুয়া বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ইউপি চেয়ারম্যান ও লামা থানাকে অবহিত করি। কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে আমরা জানি না।’
হত্যার ঘটনাটি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার খবর জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।












