চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনকে কেন্দ্র করে দুই চেম্বারের মুখোমুখি অবস্থানের অবসান হয়েছে। হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগের পর শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সমঝোতা অনুযায়ী, নভেম্বরে পলোগ্রাউন্ডে মেলা করবে চট্টগ্রাম চেম্বার। আর মেট্রোপলিটন চেম্বার পরবর্তীতে সুবিধাজনক সময়ে মেলার আয়োজন করবে।
এর আগে শনিবার পলোগ্রাউন্ড মাঠে মেলার প্রস্তুতি চলাকালে একদল লোক হামলা চালিয়ে নির্মাণসামগ্রী ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে বলে অভিযোগ করে মেট্রোপলিটন চেম্বার। এ সময় দুজনকে মারধর এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে।
মেট্রোপলিটন চেম্বারের অভিযোগ, মেলার ইভেন্ট ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ব্যক্তিদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
তবে এ ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে চট্টগ্রাম চেম্বার।
পলোগ্রাউন্ড মাঠে মেলা আয়োজন নিয়ে দুই চেম্বারের বিরোধ চলে আসছিল কয়েকদিন ধরে। মেট্রোপলিটন চেম্বার আগামী ১ থেকে ২৯ নভেম্বর আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে একই সময়ে একই মাঠে মেলা আয়োজনের উদ্যোগ নেয় চট্টগ্রাম চেম্বার।
মেট্রোপলিটন চেম্বারের দাবি, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের অনুমোদন নিয়ে তারা মেলা আয়োজনের প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং মাঠ ভাড়া বাবদ ৪৫ লাখ টাকা পরিশোধ করেছে।
অন্যদিকে চট্টগ্রাম চেম্বারের দাবি, তারা দীর্ঘ ৩২ বছর ধরে পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করে আসছে। ফলে একই সময়ে একই মাঠে অন্য একটি সংগঠনের মেলা আয়োজন নিয়ে আপত্তি জানায় তারা।
দুই পক্ষের বিরোধের মধ্যে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চট্টগ্রাম চেম্বারকে নভেম্বরের পরিবর্তে ডিসেম্বর-জানুয়ারিতে মেলা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত দুই চেম্বারের সমঝোতায় নভেম্বরে চট্টগ্রাম চেম্বার মেলা আয়োজন করবে এবং পরবর্তী সময়ে মেট্রোপলিটন চেম্বার মেলা করবে।
মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। পরবর্তীতে মার্চের দিকে মেট্রোপলিটন চেম্বার মেলা আয়োজনের চেষ্টা করবে। এ নিয়ে আর কোনো অভিযোগ বা পাল্টা অভিযোগ থাকবে না বলেও জানান তিনি।














