চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ মো. শফিকুল ইসলাম প্রকাশ সাইদুল্লাহ (৪০) নামে ১১ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে তার বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার শফিকুল উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ডাকাতি, হত্যা চেষ্টা ও অবৈধ অস্ত্র সংক্রান্ত একাধিক মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। এ সময় তার বসতঘর থেকে চারটি দেশীয় ধারালো অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই লুৎফুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।













