১১ মার্চ ২০২৬

লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে স্কুল ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রীর নাম সারাবন তহুরা (১৫)।

বুধবার ১১ (মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় পদুয়া এস.আই.চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত স্কুল ছাত্রী তহুরা পদুয়া এসি এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে।

এ ঘটনায় কামাল হোসেন (৪১) নামে আরো এক ব্যক্তি আহত হয়েছেন। কামাল হোসেন সাতকানীয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার বাসিন্দা।

ঘটনা প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ বলেন, জসিম উদ্দিন নামে এক গরুর বেপারী পদুয়া তেওয়ারিহাট বাজারে গরুটি বিক্রি করার জন্য নিয়ে এসেছিলন। তিনি গরুটিকে গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রেখে ছিলেন। হঠাৎ গরুটি রশি ছিঁড়ে দৌড়াতে শুরু করে। একপর্যায়ে গরুটি পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলছাত্রী সারাবন তহুরাকে শিং দিয়ে আঘাত করে। গরুটি শিং দিয়ে তহুরাকে সামনে থাকা গাছ ও পিলারের সাথে জোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তহুরা মাটিতে পড়ে যায়। সাথে সাথে তার নাক ও মুখ দিয়ে প্রচন্ড রক্তপাত শুরু হয়। লোকজন আহত তহুরাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কিশোয়ারা সাদিয়া জানান, সারাবন তহুরা মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রক্ত ক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মৃত্যুবরণ করেছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন