চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদীঘি দক্ষিণ পাড়ের আব্দুল হালিম বোখারী মঞ্জিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি নম্বরবিহীন মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনায় মো. ফিরোজ আহাম্মেদ (২৩) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর আরোহী মো. মাহি পাটোয়ারীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত দুই যুবকের বাড়িই চাঁদপুরে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।














