আরিফুল ইসলাম রিফাত »
মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় ৯টি ইউনিয়নে ১ম পর্যায়ে ১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ জমিসহ নতুন ঘর। ভূমি মন্ত্রণালয়ের অধীনে গুচ্ছগ্রাম-২ (সিভিআরপি) প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরের জন্য সরকার নির্মাণ ব্যয় ধরেছে ১ লাখ ৭১ হাজার টাকা।
শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যান্য উপজেলার সঙ্গে এই এলাকার ঘরগুলোর উদ্বোধন করবেন।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে।দ্বিকক্ষ বিশিষ্ট এই সেমিপাকা প্রতিটি ঘরে দুটি কক্ষ, সংযুক্ত রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।এখন শুধু অপেক্ষা স্বপ্নের ঠিকানায় নতুনভাবে বসবাস শুরু করার।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আহসান হাবীব জিতু বলেন, ঘরগুলোর নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার‘ এ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। এ লক্ষ্যেই লোহাগাড়ায় সরকারি খাস জায়গার ওপর ভূমিহীনদের ঘর নির্মাণ করা হয়েছে।যাদের কোনও ঘর ও জমি নেই, তাদের এখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বামী পরিত্যক্ত এবং প্রতিবন্ধীদের। প্রত্যেক পরিবারকে জমির মালিকানাসহ লিখে দেওয়া হচ্ছে দুই কক্ষের একটি বসতঘর।
বাংলাধারা/এফএস/এআর








