২৯ মার্চ ২০২৬

লোহাগাড়ায় মধুমাসের মধুফলে ভরপুর বাজার

এ আই রিফাত, লোহাগাড়া »

লোহাগাড়া উপজেলার প্রত্যেকটি বাজার মধুমাস জৈষ্ঠ্যের মধুফলে ভরপুর হয়ে উঠেছে। এ মাসে নানা রঙের নানা স্বাদের এই হরেক রকমের পুষ্টিগুণে ভরপুর ফল আসে বাজারে। ফলগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অত্যান্ত সুস্বাদু।

তাই তো রসালো শাঁসালো হরেকরকম ফলের ডালি নিয়ে হাজির হয় বলে জৈষ্ঠ্যের আরেক নাম মধুমাস। মধুমাসে বাজারে পাওয়া যায় রসালো লিচু,আনারস,আম, কাঁঠাল, তালের শাঁস, জামরুল ইত্যাদি।

সরেজমিনে উপজেলার কয়েকটি বাজারে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি বাজার ভরপুর হয়ে উঠেছে মধুমাসের নানা প্রজাতীর ফলমূল। স্থায়ী দোকানদার ছাড়াও বেশিরভাগই রাস্তার ধারে মৌসুমি ব্যবসায়ীরা ফলমূলের পসরা সাজিয়ে বসেছেন। বেচাবিক্রিও হচ্ছে ভালো।

ফলক্রেতা মোহাম্মদ শফিক বলেন, অন্যান্য ফলমূলের চেয়ে লিচুর দাম একটু বেশি। তারপরও মৌসুমি ফলের প্রতি মানুষের আগ্রহ বেশি।

চুনতি বাজারের মৌসুমি ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর বলেন, মধুমাসের ফলগুলোর মধ্যে লিচুর চাহিদা তুঙ্গে। ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা পর্যন্ত। পাশাপাশি অন্যান্য মধুফলগুলোর প্রতিও মানুষের আগ্রহের কমতি নেই।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন