১৭ মার্চ ২০২৬

শঙ্খ নদীর ভাঙন রোধে কার্যকরি পদক্ষেপের দাবিতে চন্দনাইশে মানববন্ধন

চন্দনাইশ প্রতিনিধি »

চন্দনাইশ উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী শঙ্খ নদীর পাড়ে ডেবারকূল মোহাম্মদ শাহ জামে মসজিদ মসজিদ, মসজিদ সংলগ্ন কবরস্থান, বশরত নগর রশিদিয়া মাদরাসা, ফোরকানিয়া মাদরাসা, দোকানপাট, বসতঘরসহ অন্যান্য স্থাপনা নদীর ভাঙ্গনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শুক্রবার (২১ জানুয়ারি) জুমা নামাজের পর ওই মসজিদের সম্মুখে স্থানীয়রা মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাছির উদ্দিন, অ্যাডভোকেট মো. ইদ্রিচ, অ্যাডভোকেট সফিউল হক সেলিম, আবদুল কুদ্দুস, ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সদস্য নুরুল আলম, সামশুদ্দিন, কাজী আজম, মাওলানা আবুল কাসেম নুরী, বিএনপি নেতা নওশা মিয়া, সেলিম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শত বছরের ঐতিহ্যবাহী, দৃষ্টিনন্দন মোহাম্মদ শাহ জামে মসজিদটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। কিন্তু শঙ্খ নদীর ভাঙ্গনের মুখে পড়ায় মসজিদ, মসজিদ সংলগ্ন কবরস্থান, বশরত নগর রশিদিয়া মাদরাসা, ফোরকানিয়া মাদরাসা, দোকানপাট, বসতঘরসহ বহু স্থাপনা বিলীন হওয়ার পথে। তাছাড়া খোদার হাট ব্রিজের পশ্চিম দিক থেকে দ্বীপ পাড়ার ভাগ, নাথপাড়া, মুক্তিযোদ্ধা বাবুল নাথের বাড়ি, মেম্বার নুর মোহাম্মদের পুরাতন বাড়িসহ এ সকল পাড়ার চলাচলের একমাত্র রাস্তাটি ইতোমধ্যে শঙ্খের ভাঙ্গনে বিলীন হয়ে গেছে।

বক্তারা আরও বলেন, মসজিদ ও কবরস্থান রক্ষাকল্পে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ভাঙ্গনরোধে দু’শতাধিক জিও ব্যাগ স্থাপন করা হয়েছে। এ ব্যাপারে তারা জরুরিভাবে ভাঙ্গন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর হস্তক্ষেপ কামনার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সু-দৃষ্টি কামনা করেছেন।

আরও পড়ুন