২৭ মার্চ ২০২৬

শঙ্খ নদের জোয়ারে তলিয়ে গেছে লোকালয়, পানিবন্দী শতাধিক পরিবার

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারায় টানা তিন দিনের বৃষ্টি আর শঙ্খ নদের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে লোকালয়। এতে পানিবন্দী হয়ে পড়েছে বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের ৭ নং ওয়ার্ডের শতাধিক পরিবার। বাড়ি-ঘর রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় মানবেতর দিন পার করছে এলাকার কয়েক হাজার বাসিন্দা।

সরেজমিন দেখা যায়, উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ জেলে পাড়ায় শঙ্খ নদের জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। অনেকের ঘরে পানি ঢুকে পড়েছে। চুলা জ¦লছেনা পানি ঢুকে পড়া ঘরগুলোতে। কোমর সমান পানিতে সড়কে চলাচল করা যাচ্ছেনা। অনেককে নৌকা দিয়ে চলাচল করতে দেখা গেছে। তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকায় বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় খোলা অংশ দিয়ে পানি ঢুকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় রানী বালা দাশ বলেন, তিন দিন ধরে আমরা পানিবন্দী। ঘরে জ¦লছেনা চুলা। সড়ক দিয়ে চলাচল করতে পারছিনা। খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছি।

বৃদ্ধ সুবল দাশ বলেন, শঙ্খ নদীর জোয়ারের পানিতে তলিয়ে গেছে পুরো এলাকা। যেভাবে বৃষ্টি হচ্ছে পানি কখন নামে ঠিক নাই।

বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল বলেন, শঙ্খ নদের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় লোকলয়ে পানি ঢুকে পড়েছে। পানিবন্দী এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে সাধারণ মানুষের দুর্দশা লাঘবে ব্যবস্তা গ্রহণ করা হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন