৫ মার্চ ২০২৬

শশার বস্তায় মিলল সাড়ে ৩ কোটির টাকার মদ-আফিম

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে কাকন মল্লিক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। এসময় তার কাছ থেকে ৩ কেজি সাড়ে ৩’শ গ্রাম আফিম এবং সাড়ে ৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে বান্দরবান হতে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাকন মল্লিক (৩৬) বাঁশখালী থানার পূর্ব পুইঁছড়ি গ্রামের মন্টু মল্লিকের পুত্র।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক ব্যবসায়ী যাত্রীবাহী বাসযোগে বান্দরবান থেকে চট্টগ্রাম আসছে। এরপর একটি আভিযানিক দল শিকলবাহার পাকা রাস্তার ওপর তল্লাশি চেকপোস্ট স্থাপন করলে যাত্রীবাহী বাসের মধ্যে থাকা কাকন মল্লিকের কাছ থেকে একটি সাদা রংয়ের পলিথিনের ভিতর রাখা ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম এবং সাড়ে ৩ লিটার চোলাই মদ উদ্ধার করে।

উদ্ধারকৃত আফিম ও চোলাই মদ

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাকন মল্লিক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে সাড়ে ৩ লিটার চোলাই মদ এবং ৩ কেজি ৩’শ গ্রাম আফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘সে দীর্ঘদিন যাবত বান্দরবান জেলার থানচি এলাকা থেকে পাইকারি মাদক এনে খুচরা বিক্রি করতেন। উদ্ধার মাদক এবং আসামিকে সংশ্লিষ্ট থনায় হস্তান্তর করা হয়েছে।’

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ