বাংলাধারা ডেস্ক »
বরগুনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি তাকে জড়িয়ে শ্বশুরের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। রিফাত হত্যায় তার সম্পৃক্ততা আছে দাবি করে শ্বশুর দুলাল শরীফের দেওয়া বক্তব্যকে ‘বানোয়াট ও মনগড়া’ বলেছেন মিন্নি।
রবিবার (১৪ জুলাই) বেলা ১২টায় রিফাতের স্ত্রী বরগুনায় নয়াকাটায় নিজ বাবার বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। আয়শা সিদ্দিকা মিন্নি বলেন, নয়ন বন্ডকে যারা সৃষ্টি করেছেন তারা খুবই ক্ষমতাবান ও অর্থশালী। নেপথ্যের এই ক্ষমতাবানেরা বিচারের আওতা থেকে দূরে থাকতে ও এই হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে শ্বশুরকে চাপ দিয়েমনগড়া ও বানোয়াট কথা বলাচ্ছে।
রিফাতের স্ত্রী আরো বলেন, শনিবার রাতে বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শ্বশুর আবদুল হালিম দুলাল শরীফ আমাকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তার আমি তীব্র প্রতিবাদ জানাই। মিন্নি বলেন, গত ২৬ জুন আমার স্বামী রিফাত শরীফকে হত্যার ভিডিও প্রকাশ পেলে তাকে বাঁচানোর জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রের মুখে প্রতিবাদ করেছি।
সেই ভিডিও দেখে সারা দেশের মানুষ আমার প্রশংসা করেছে। পরে আমার শ্বশুর নয়ন বন্ডসহ মোট ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার ১ নং সাক্ষী আমি। তিনি আরো বলেন, বর্তমানে আমার শ্বশুর অসুস্থ। তিনি তার একমাত্র সন্তানকে হারিয়ে আরো অসুস্থ হয়ে পড়েছেন।
যখন যা বলেন তার কোন কিছুই পড়ে মনে থাকে না। হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা বিচারকে অন্যদিকে প্রবাহিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। উল্লেখ্য, গত ২৫ জুন বরগুনা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে (২৩) তার স্ত্রীর সামনেই কুপিয়ে আহত করে একদল লোক। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত ছয়জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা করেছে পুলিশ। হত্যা মামলার মূল আসামি সাব্বির আহম্মেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এরই মধ্যে শনিবার সংবাদ সম্মেলনে এসে রিফাতের বাবা দুলাল শরীফ তার ছেলেকে হত্যায় মিন্নির জড়িত থাকার অভিযোগ তোলেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আর












