৫ মার্চ ২০২৬

শসার বস্তায় লুকানো ছিল ৩ কোটি ৩৫ লাখ টাকার আফিম, যুবক আটক

বাঁশখালী প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শসার বস্তায় বিশেষ কায়দায় লুকানো ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম ও ৩.৫ লিটার চোলাই মদ জব্দ করেছে র‌্যাব-৭। জব্দ আফিমের মূল্য প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা।

এসময় বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকার মন্টু মল্লিকের ছেলে কাকন মল্লিককে (৩৬) আটক করা হয়।

এ বিষয়ে সোমবার বিকালে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী নুরুল আবছার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শিকলবাহা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকার মন্টু মল্লিকের ছেলে কাকন মল্লিককে (৩৬) আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক কাকনের হেফাজতে থাকা একটি শশার বস্তায় বিশেষ কায়দায় লুকানো ৩.৫ লিটার চোলাই মদ ও ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে বান্দরবান জেলার থানচি এলাকা থেকে আফিম ও অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে তা দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছে বলে জানায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার মাদকদ্রব্য ও আটক কাকন মল্লিককে বাঁশখালী থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন