বাংলাধারা ডেস্ক »
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজে অনার্স ও মাস্টার্স প্রোগ্রাম চালু আছে তাদের জন্য একটি ঘোষণা আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান জানান, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো অনার্স ও মাস্টার্সের যেসব বিষয়ের শিক্ষকদের বেতন দিতে পারবে না, সেসব বিষয়ের অধিভুক্তি বাতিল করা হবে।
শনিবার (২৬ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্সে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য বলেন, শিক্ষকদের বেতন কলেজ থেকে (মূল আয় শিক্ষার্থীদের টিউশন ফি) দেওয়া হবে—এই শর্তেই অধিভুক্ত করা হয়েছে। এখন শিক্ষকদের বেতন দিতে না পারলে অধিভুক্তি বাতিল করা হবে। এ মর্মে কলেজগুলোকে চিঠিও দেওয়া হয়েছে। যেসব বিষয়ের শিক্ষকদের বেতন দিতে পারবে না, কেবল সেসব বিষয়ের অধিভুক্তি বাতিল করা হবে। তবে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টি মাথায় রেখে এটি করা হবে। এ ছাড়া দুই বছর থেকে নতুন করে অনার্সের অনুমোদন দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।
বাংলাধারা/এআই












