৭ মার্চ ২০২৬

শিক্ষক হবেন আদর্শ ও ন্যায়-নীতির প্রতীক-রাষ্ট্রপতি

বাংলাধারা ডেস্ক »  

বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, একজন শিক্ষক নিছক একজন বক্তা নন। তিনি শিক্ষাগুরু। শিক্ষকের কথা কেবল বক্তৃতা নয়-তা বাণী। আদর্শ ছাড়া, প্রচেষ্টা ছাড়া, বৃত্তি ছাড়া, পারস্পরিক আস্থা ও বিশ্বাস ছাড়া শিক্ষা মূল্যহীন। তাই একজন শিক্ষককে হতে হবে আদর্শ ও ন্যায়-নীতির প্রতীক।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি দু:খ প্রকাশ করে বলেন, ‘কিন্তু এখনকার বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শিক্ষার্থীদের ব্যবহার করতেও পিছপা হন না। ছাত্র-শিক্ষক সম্পর্ক ভুলে গিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট লেনদেনে সম্পৃক্ত হন। এটা অত্যন্ত অসম্মানের ও অমর্যাদাকর।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশাসনের বিভিন্ন পদ-পদবি পাওয়ার লোভে শিক্ষা কার্যক্রমে ঠিকমতো অংশ নিচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি ।

রাষ্ট্রপতি  বলেন, শিক্ষকরা উন্নত জাতি তৈরির মহান কারিগর। কিন্তু সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে যেসব খবর ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা দেখে আচার্য হিসেবে আমাকে মর্মাহত করে। আজকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে শিক্ষকগণ প্রশাসনের বিভিন্ন পদ-পদবি পাওয়ার লোভে কার্যক্রম ঠিকমতো অংশ না নিয়ে লবিং নিয়ে ব্যস্ত থাকেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, রাবি উপাচার্য অধ্যাপক মো. আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ