১৫ মার্চ ২০২৬

শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র করে দিচ্ছে চবি

চবি প্রতিনিধি »

জাতীয় পরিচয়পত্র না থাকায় ভ্যাক্সিনেশনের জন্য নিবন্ধন করতে না পারা শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র করে দেওয়ার সিদ্ধান্ত নিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক এস এম মনিরুল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র না থাকায় ভ্যাক্সিনেশনের জন্য নিবন্ধন করতে পারছে না তাদের জাতীয় পরিচয়পত্র দ্রুত সময়ে করে দিতে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, যে সকল শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র না থাকায় আবেদন করতে পারেনি তারা প্রয়োজনীয় কাগজপত্র হল প্রভোস্টের নিকট জমা দিবে। উক্ত কাগজপত্র হাতে পাওয়ার পর আমরা নির্বাচন কমিশনে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্র করে দেওয়ার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, যারা পূর্বে অনলাইনে নিবন্ধন করত পারেনি তারাও হল প্রভোস্টদের সাথে যোগাযোগ করে নিবন্ধন করতে পারবে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ও ইউজিসির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের ভ্যাক্সিন দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়, তারই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক – অনাবাসিক শিক্ষার্থীদের গত ৪ঠা মার্চ অনলাইনে আবেদন করার নির্দেশনা দেয় চবি প্রশাসন। ঐ সময়ে অনেকে আবেদন করতে পারলেও অধিকাংশ শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র না থাকায় আবেদন করতে পারেনি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন