১৭ মার্চ ২০২৬

শিক্ষা অফিসের কর্মচারীর বাড়ি থেকে পিএসসির সনদপত্র জব্দ

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত মাষ্টার রোলের কর্মচারী মঈন উদ্দিন মনিরের বাড়ির আলমিরা থেকে বিপুল পরিমান পিএসসি’র (প্রাথমিক সমাপনী পরীক্ষা) ব্লাঙ্ক সনদ কপি জব্দ করা হয়েছে। এসময় সরকারী অফিসের আরো বেশ কিছু গুরুত্বপূর্ন কাগজপত্রও উদ্ধার করা হয়। রবিবার (১৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের গোঁয়াখালী উত্তর পাড়া গ্রামে প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারী মঈন উদ্দিনের বাড়ির একটি আলমিরা থেকে এসব সরকারী কাগজপত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

সূত্র জানায়, বিগত ১০/১২ বৎসর ধরে পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে মাষ্টার রোলে অফিস সহায়ক হিসেবে কর্মরত মঈন উদ্দিন মনির (২৮)। সম্প্রতি তার সাথে পরিবারের বনিবনা না হওয়ায় ১৩ ফেব্রুয়ারী বিকালে পুলিশের মাধ্যমে তার কক্ষের মালামাল থানায় নিয়ে যাওয়া হয়। মঈন উদ্দিনের কক্ষের সব মালামাল থানায় নিয়ে গেলেও একটি স্টীলের আলমিরা তিনি থানায় নিয়ে যাননি। পুলিশ বাড়ি থেকে চলে যাবার পর মনিরের পরিবারের অন্য সদস্যদের মাঝে ওই আলমিরা নিয়ে সন্দেহ হলে সেটি খুলে দেখেন। এসময় মনিরের কক্ষে থাকা স্টীলের আলমিরায় পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের গুরুত্বপূর্ন কাগজপত্র দেখতে পেয়ে মনিরের ছোটভাই স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি জানান।

সংবাদকর্মীরা বিষয়টি ফোনে কক্সবাজার জেলা শিক্ষা অফিসারকে অবহিত করেন। জেলা শিক্ষা অফিসারের নির্দেশে পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সালামত উল্লাহ খাঁন দ্রুত তার পক্ষে পেকুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হানিফ চৌধুরী ও সরকারী স্কুলের শিক্ষক মো. শাহাব উদ্দিনকে মনিরের বাড়ীতে পাঠান। তাদের সাথে যান সংবাদকর্মীরাও।

পেকুয়া উপজেলা শিক্ষা অফিস প্রেরিত প্রতিনিধি দলের প্রধান মাষ্টার হানিফ চৌধুরী, এলাকাবাসী ও সংবাদকর্মীদের উপস্থিতিতে মনিরের কক্ষের আলমিরা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রায় ২২৩ কপি ব্লাঙ্ক সনদপত্র ও প্রাথমিক শিক্ষা অফিসের কিছু গুরুতবপূর্ণ কাগজপত্র উদ্ধার করেন। উদ্ধারকৃত এসব কাগজপত্রের জব্দ তালিকাও স্বাক্ষীদের উপস্থিতিতে প্রস্তুত করে শিক্ষা অফিসে নিয়ে যান ।

পরে অপেক্ষামান সংবাদকর্মীদের কাছে ব্রিফিংয়ে মাষ্টার হানিফ চৌধুরী বলেন, সরকারী অফিসের গুরুত্বপূর্ন কাগজপত্র কর্মচারী নিজ বাসার আলমিরায় হেফাজতে রাখা গুরুতর অপরাধ। এ ঘটনায় আগামী কালকের মধ্যে প্রাথমিক শিক্ষা অফিসে প্রতিবেদন দাখিল করা হবে।

পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সালামত উল্লাহ খাঁন বলেন, খবর পাওয়া মাত্রই শিক্ষা অফিস থেকে দুই জন প্রতিনিধি প্রেরণ করে মনিরের বাড়ীতে পিএসসি’র সনদসহ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন এ কর্মকর্তা।

আরও পড়ুন