২৮ মার্চ ২০২৬

শিক্ষা ও নারীর নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন আবদুস সবুর লিটন

বাংলাধারা প্রতিবেদন »

ক্রমেই ঘনিয়ে আসছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ভোটের চূড়ান্ত সময়। পাড়া-মহল্লায় ওয়ার্ডগুলোতে চলছে উৎসাহ উদ্দীপনা। আর এই উৎসাহে যেন পিছিয়ে নেই ছেলে, বুড়ো, তরুণ ও নারী ভোটাররা। নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রেখেছেন প্রার্থী আবদুস সবুর লিটন। এ সময় ভোটারদের শিক্ষা ও নারীদের নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করেছেন তিনি।

রবিবার (২৪ জানুয়ারি) সকাল হতে দিনব্যাপী চলা তার জনমুখী গণসংযোগটি ওয়ার্ডের ধোপাপাড়া মোড় হতে পাশ্ববর্তী এলাকা প্রদক্ষিণ করেন। গণসংযোগ চলাকালে তৃণমূলের ওয়ার্ডবাসী ও সর্বস্তরের সতস্ফুর্ত অংশগ্রহনে গণসংযোগ স্থল জমজমাট হয়ে উঠে।

চলমান এই গণসংযোগে নারী ভোটাররা তাদের নানামুখী প্রত্যাশা তুলে ধরেন। এসময় অনেক শিক্ষার্থীরাও শিক্ষা বান্ধব পরিবেশের আশাবাদ জানিয়েছেন।

এ সময় আবদুস সবুর লিটন বলেন, নির্বাচিত হলে আমি এলাকার নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করে একটি নান্দনিক স্মার্ট ওয়ার্ড গড়তে ওয়ার্ডের সকল শ্রেণী পেশার লোকের পরামর্শ নিয়ে কাজ করব এবং এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, বিনোদন কেন্দ্র স্থাপন ও স্বাস্থ্যসেবাসহ নানামুখী উন্নয়ন কাজ গতিশীল করবো।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা ১২ বছর ক্ষমতায়। দেশে নারী শিক্ষা বাড়ছে। শেখ হাসিনার সরকার সমাজ থেকে ধর্ষণ নির্মূল করতে বদ্ধপরিকর। সকল ধর্মে ও মতের লোক যাতে নির্বিবাদে তাদের নিজ নিজ ধর্ম প্রতিপালন করতে পারে সরকার পৃষ্টপোষকতা দিয়ে যাচ্ছে এবং প্রতিষ্ঠান গুলোতে নিয়মিত অনুদানে ধর্মীয় শিক্ষা চালু করেছে। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব।

ভোটারদের লক্ষ্য করে আবদুস সবুর লিটন বলেন, একটি নিরাপদ, মানবিক, শিক্ষিত ও গতিময় ওয়ার্ড গড়তে আগামী ২৭ জানুয়ারি আমাকে টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট দিন। আমি একজন কাজ পাগল মানুষ, আমি কাজ করতে চাই। এই কাজ পাগল মানুষ আপনাদের নিয়ে এই ওয়ার্ডকে গড়তে চায়। যাতে ওয়ার্ডের সকলে নিরাপদ ও সুস্থ জীবন-যাপন করতে পারে।

এসময় গণসংযোগে আবদুস সবুর লিটনসহ আরও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীরা ও ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন