১২ মার্চ ২০২৬

শিপ্রা আটক মামলায় দুটি জব্দ তালিকা : রামু থানার ওসির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

কক্সবাজার প্রতিনিধি »

মেজর সিনহা নিহতের ঘটনায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় দুটি জব্দ তালিকা তৈরি এবং একটির সঙ্গে অপরটির মিল না থাকার বিষয়ে আদালতের কাছে নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রামু থানার ওসি আবুল খায়ের।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোছাইনের আদালতে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবি বাপ্পী শর্মা এ তথ্য জানান।

আদালত সূত্র জানায়, সিনহা হত্যার পর তাদের অবস্থান করা নীলিমা রিসোর্ট থেকে তাদের ২৯টি সামগ্রী জব্দ করে রামু থানা পুলিশ। কিন্তু এই ঘটনায় জব্দ তালিকা তৈরি করেন দুটি। দুটিতেই অমিল ছিলো। তাই তার ব্যাখ্যা জানতে আদালত রামু থানার ওসি আবুল খায়ের তলব করেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) আদালতে উপস্থিত হয়ে নিজের ভুল স্বীকার করেন তিনি। একই সাথে লিখিত শোকজের জবাবও জমা দিয়েছেন ওসি।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ। এ ঘটনার পর নীলিমা রিসোর্টে এসে পুলিশ দুটি রুমের সব মালামাল জব্দ করে সিনহার সঙ্গী শিপ্রাকে নিয়ে গিয়ে মাদক আইনে মামলা করে। পরে শিপ্রা জামিনের পর তার কাছ থেকে নেয়া ২৯ আইটেমের বিষয় সামনে আসে। পরে পুলিশ আদালতের নির্দেশে সেসব মালামাল মামলার তদন্ত সংস্থা র্যাবকে হস্তান্তর করেছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন