বাংলাধারা ডেস্ক »
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। আগামী ২৫ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন।
এবারের নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে লড়ছেন চিত্রনায়িকা মৌসুমী। নানারকম পাল্টাপাল্টি চললেও সবকিছু উপেক্ষা করে আপন গতিতে এগিয়ে চলছেন প্রিয়দর্শিনী।
আসন্ন নির্বাচনে ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে মৌসুমী বলেন, আমি একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। সকল ভোটারদের প্রতি আমার অনুরোধ থাকবে আগামী ২৫ অক্টোবর আপনারা সবাই ভোট দিতে যাবেন। শিল্পীরা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতাও চাই।
তিনি আরও বলেন, আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি শিল্পীদের আত্মসম্মানের জায়গায় দেখতে চাই। শিল্পীদের আত্মমর্যাদা রক্ষার জন্য কাজ করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার খুব প্রয়োজন, আমাকে বঞ্চিত করবেন না।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
বাংলাধারা/এফএস/এএ












