সীরাত মঞ্জুর »
গাছ মানুষের অকৃত্রিম বন্ধু। সাথে পরিবেশও রক্ষা করে গাছ। এবার শিশু জন্মালেই তার মা বাবাকে দুইটি উচ্চফলনশীল ফলজ গাছের চারা উপহার দেবেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর দাঁতমারা ইউনিয়নের তৌহিদ। তিনি গত ৩১ আগষ্ট তৌহিদুল আলম নামের নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করে এই বিষয়টি ঘোষণা দেন।
সেখানে তিনি লিখেন, ‘সবাইকে সালাম ও শুভেচ্ছা। চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের (প্রাথমিক ভাবে অত্র ওয়ার্ডের শতভাগ পরিবার ) ৭ নং ওয়ার্ডে ০১ আগস্ট থেকে কোন শিশু জন্মগ্রহণ করলে, তার জন্য পরিবারের হাতে আমার পক্ষ থেকে দুটি উচ্চ ফলনশীল ফলের চারা উপহার হিসাবে দিব ইনশাআল্লাহ। উক্ত ওয়ার্ডে জন্ম হওয়া সকল শিশুর পিতা-মাতাকে জন্মের (৪৫) পয়তাল্লিশ দিনের মধ্যে যোগাযোগ করার অনুরোধ করছি।’

বৃক্ষপ্রেমী তৌহিদ বলেন, আমি শুধু দুইটি ফলজ চারা নয় শিশুর মা বাবাকে আমার সামর্থ্যানুযায়ী কিছু অর্থও দেবো। এমন ভিন্ন উদ্যোগ কেন জানতে চাইলে তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ শিশু পুষ্টিহীনতায় ভোগে। আর পুষ্টি তৈরি করে ফল তাই জন্মদানকারী শিশুর মা-বাবা কে যদি দুটি উচ্ছলফলনশীল ফলের চারা উপহার দিই যদি তারা গাছ গুলোর সঠিক পরিচর্যা করে তাহলে শিশু বেড় উঠার সাথে সাথে ৩ থেকে ৪ বছরের মধ্যে গাছ গুলোতে ফল দেবে এবং সে ফল শিশুটি খেতে পারবে। ইতিমধ্যে কয়েকজনকে আমি এই উপহার দিয়েছি। প্রথম পর্যায়ে নিজের ওয়ার্ডে দিচ্ছি পুরো ইউনিয়ন পর্যায়ে দেওয়ার চেষ্টা আছে।

এদিকে তাঁর এমন উগ্যোগে প্রশংসা করছে স্থানীয়রা। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জানে আলম বলেন, এটি ভাল উদ্যোগ। আমি স্যালুট করি। সদস্য আহমদ সাফা বলেন, এটি সত্যিই একটি ভাল উদ্যোগ।

বাংলাধারা/এফএস/এআর












