কর্ণফুলী প্রতিনিধি »
শীঘ্রই কর্ণফুলীতে হতদরিদ্র ৩৬ পরিবারকে সরকারি উদ্যোগে ‘দুর্যোগ সহনীয় ও টিনের ঘর’ নির্মাণ করে দেয়া হচ্ছে। চলতি অর্থ বছরে এ বিশেষ বরাদ্দ পাচ্ছেন গৃহহীন মানুষেরা। ইতোমধ্যে ঘর নির্মাণে যাচাই বাচাই প্রক্রিয়া শুরু করে দিয়েছে উপজেলা প্রশাসন।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি অর্থ বছরে টিআর কর্মসূচির বিশেষ বরাদ্দে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। সরকারের এটি পাইলট প্রকল্প।
জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর/কাবিকা) কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলার মতো কর্ণফুলীতেও দুর্যোগ সহনীয় ৬টি বাসগৃহ নির্মাণ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জনহিতকর এ প্রকল্প হাতে নেয়।
তথ্যমতে, কর্ণফুলী উপজেলায় ৬টি গৃহ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫ লক্ষ ৫১ হাজার ১৮৬ টাকা। এছাড়াও সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় কর্ণফুলীতে আরো ৩০টি গৃহহীন পরিবারকে নির্মাণ করে দেয়া হচ্ছে টয়লেট ও বারান্দাসহ একটি করে পাকা চৌচালা টিনের ঘর। উপজেলা প্রশাসনের সার্বিক তদারকিতে নির্মিত হবে এ সকল টিনের ঘর। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প হতে বরাদ্দকৃত প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে এক লক্ষ টাকা। গৃহহীন পরিবারকে টিন-কাঠের ব্যবহারে ভিটে পাকা করে সুন্দর ঘর নির্মাণ করে দেয়া হবে।
এ প্রসঙ্গে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ বলেন, প্রকৃতপক্ষে হতদরিদ্র মানুষরা যাতে এই সুবিধা পান সেটা আমরা নিশ্চিত করতে চাই। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্দেশ্য যাতে ব্যাহত না হয় সেজন্য উপজেলা প্রশাসন সর্বোচ্চ মনিটরিং করে কাজ করছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












