বাংলাধারা ডেস্ক »
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় শিশুসহ আরো পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে শিশুসহ আরো পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।
সদর নৌ-থানার পরিদর্শক শহিদুল আলম জানান, শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় সকালে শিশুসহ আরো পাঁচ জনের মরদেহ করেছি। ইতোমধ্যে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
গত রোববার বিকেল পৌনে ৬টার দিকে নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসান প্রায় অর্ধশত যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ যাচ্ছিল। পথে কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে প্রিমিয়ার সিমেন্ট সংলগ্ন নদীতে এসকে-৩ কোস্টার জাহাজের আঘাতে সোয়া ৬টার দিকে ডুবে যায় লঞ্চটি।
খবর পেয়ে বিআইডব্লিউটিএসহ অন্যান্য সংস্থা উদ্ধারকাজে অংশ নিয়ে ২০ জন যাত্রী জীবিত উদ্ধার করে। গতকাল সোমবার পর্যন্ত ২৯ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গতকাল লঞ্চটি উদ্ধার করা হয় এবং উদ্ধারকাজ সমাপ্ত করা হয়। এর মধ্যেই আজ আরও ছয়জনের লাশ পাওয়া গেল।
বাংলাধারা/এফএস/এআর












