বাংলাধারা ডেস্ক »
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের (২১) মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, রাসেল ও ফুয়াদ নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং এই দুইজনকে জিজ্ঞাসাবাদে অন্য কারও নাম পাওয়া গেলে জানানো হবে।
রোববার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা ১০১১ নম্বর কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা হলের প্রভোস্ট মো. জাফর ইকবাল খান বলেন, রাত আনুমানিক তিনটার দিকে খবর পাই এক শিক্ষার্থী হলের সিঁড়িতে পড়ে আছে। পরে সেখানে গিয়ে দেখি ফাহাদের নিথর দেহ। এ সময় তাৎক্ষণিকভাবে বুয়েটের চিকিৎসক দিয়ে তাকে পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে চিকিৎসক জানান, ফাহাদ বেঁচে নেই। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ফাহাদের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঢামেকে বুয়েটের মেডিকেল অফিসার ডা. মাসুক এলাহী সাংবাদিকদের বলেন, অন্য ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে শেরেবাংলা হলের প্রথমতলা ও দ্বিতীয়তলার মাঝামাঝি জায়গায় ফাহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখি। তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখি। পরে বিষয়টি বুয়েট কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।
বাংলাধারা/এফএস/এমআর/এএ












