পটিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪নং কোলাগাঁও ইউনিয়ন এলাকায় বাপের বাড়ি থেকে স্বামীসহ শ্বশুরবাড়িতে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হন এক নববধূ। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৭।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান, র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।
আটককৃতরা হলেন- পটিয়া উপজেলা কোলাগাঁও ইউনিয়নের ফোরক মাঝির ছেলে জুয়েল (২৮) একই এলাকার ছাত্তারের ছেলে মিন্টু (৩৩)। জুয়েলকে পতেঙ্গার কাটগড় এলাকা থেকে আটক করে র্যাব। পরে তার দেওয়া তথ্যে মিন্টুকে বাকলিয়া রাজাখালী এলাকা থেকে আটক করা হয়।
তারা অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে। এজাহারভুক্ত আরও দুই আসামি পলাতক রয়েছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ৭ জুন নিজ বাড়ি থেকে স্বামীসহ শ্বশুর বাড়িতে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হন এক নববধূ। পরে ১৪ জুন পটিয়া থানায় চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। র্যাব ছায়া তদন্তে নেমে আসামিদের আটক করতে অভিযান শুরু করে। বৃহস্পতিবার ভোরে পতেঙ্গার কাটগড় ও বাকলিয়া রাজাখালী থেকে তাদের দুইজনকে আটক করা হয়। অপর আসামিদের আটক করতে অভিযান চলমান রয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












