বাংলাধারা ডেস্ক »
হ্যামস্ট্রিংয়ের পুরনো চোটে কাল রাতেই মাঠের বাইরে ছিটকে পড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাঁর জায়গায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়ক করা হয়েছে বাঁ হাতি ওপেনার তামিম ইকবালকে।
শুক্রবার (১৯ জুলাই) রাত পৌনে ১০টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চোটে পড়া মাশরাফির শ্রীলঙ্কায় না যাওয়ার পাশাপাশি তামিমের নেতৃত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। অথচ শ্রীলঙ্কা সফর সামনে রেখে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনও করেছিলেন অধিনায়ক মাশরাফি। যেখানে বিশ্বকাপের পর এই ওয়ানডে সিরিজের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নিজের অবসর ভাবনা নিয়েও নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
এরপরই ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন। সন্ধ্যায় কৃত্রিম আলোর অনুশীলনে বোলিং করতে গিয়েই বাঁ হ্যামস্ট্রিংয়ের পুরনো চোটে আবার কাবু হন মাশরাফি। বোলিং করতে গিয়ে একপর্যায়ে চোট অনুভব করে থেমে যান। সঙ্গে সঙ্গে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁর অবস্থা পর্যালোচনা করে দুই থেকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়াতেই শ্রীলঙ্কা সফরের জন্য তামিমকে অধিনায়ক করা হয়। মাশরাফির জায়গায় তাই শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। যিনি বিসিবি একাদশের হয়ে এখন আছেন ভারত সফরে।
সেখান থেকেই তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। তবে পিঠের পুরনো চোটে মাশরাফির সঙ্গে এই সফর থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। তাঁর জায়গায় নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত অলরাউন্ডার ফরহাদ রেজাকে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবিেআরইউ












