৪ মার্চ ২০২৬

সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রে আলীকদমের শিরিনা আক্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সংরক্ষিত নারী আসন নিয়ে পার্বত্যাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বান্দরবানের আলীকদম উপজেলার চারবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তারের নাম।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক সক্রিয়তার কারণে তিনি সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। জানা গেছে, ২০০৯ সাল থেকে তিনি জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি একাধিকবার হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দলীয় সূত্রে জানা যায়।

আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি মাতামুহুরী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন শিরিনা আক্তার। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জননী। তাঁর পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে শিরিনা আক্তার বলেন, “দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকেছে এবং ত্যাগ স্বীকার করেছে দল নিশ্চয়ই তাদের মূল্যায়ন করবে। দলীয় প্রধান যদি আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেন, তবে আমি সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও দেশের কল্যাণে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, আলীকদম উপজেলায় বিএনপি ঘোষিত প্রতিটি কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব স্থানীয় রাজনীতিতে তাঁকে সুপরিচিত করে তুলেছে। জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের সমাবেশেও তাঁর উপস্থিতি ছিল লক্ষণীয়। সংরক্ষিত নারী আসন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আলোচনা চলমান রয়েছে।

আরও পড়ুন