২৯ মার্চ ২০২৬

সড়ক উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি দেখলে লাইসেন্স বাতিল : সুজন

বাংলাধারা প্রতিবেদন »  

সড়ক উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি দেখলে সঙ্গে সঙ্গে লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্ত করা হবে। খেয়াল রাখতে হবে ওয়ার্কঅর্ডারে বর্ণিত সময়ের মধ্যেই ঠিকাদার কাজ সম্পন্ন করছে কিনা।  

সোমবার (১০ আগস্ট) বিকেলে টাইগারপাসের চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে প্রকৌশল বিভাগের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন।  

চসিক প্রকৌশলীদের উদ্দেশ্যে প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, চসিকের প্রকৌশল বিভাগের কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। এ বিভাগের কাজগুলোর সফলতা যেমন দৃশ্যমান তেমনি ভুল-ভ্রান্তিগুলোও জনগণের কাছে দৃশ্যমান। এ ভুলভ্রান্তিগুলো সংশোধন করে এগিয়ে যেতে হবে। প্রকৌশলীরা হচ্ছেন এ শহর উন্নয়নের রুপকার।

সুজন বলেন, নাগরিকসেবা দিতে গিয়ে যদি কেউ অনিয়মে জড়িয়ে পড়েন তাহলে জবাবদিহি করতে হবে। সঠিক দায়িত্ব পালন ও শুদ্ধাচার জীবন যাপনের মধ্যে মানসিক শান্তি নিহিত। অন্যথায় নিজের মাঝে অপরাধবোধ কাজ করবে। দায়িত্ব পালনে কোনো বাধা-বিপত্তিতে আমার সহযোগিতা থাকবে।  

এ সময় তিনি নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর কাজ অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের ওপর জোর দেন। 

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ, কামরুল ইসলাম, আনোয়ার হোছাইন, মুনিরুল হুদা, সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, অসীম বড়ুয়া, জসিম উদ্দিন, বিপ্লব বড়ুয়া, সহকারী প্রকৌশলী আশিকুল ইসলাম প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন