বাংলাধারা প্রতিবেদন»
নগরীর দুই নম্বর গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. মাসুদুর রহমান নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে মেয়র গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা দুপুর পৌনে দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এএসআই মো. মাসুদুর রহমান(৫০) নওগাঁ জেলার মহাদেবপুর থানার কুনডনা ফতেয়াপুর মাদ্রাসা এলাকার আজম আলীর ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, দুই নম্বর গেইট এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এএসআই মো.মাসুদুর রহমান গুরুতর আহত হয়। উদ্ধার করে দুপুরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানানো হয়।
বাংলাধারা/এফএস/এফএস












