লোহাগাড়া প্রতিনিধি »
সংস্কারের অভাবে ডোবায় পরিণত হয়েছে লোহাগাড়া সদরের শাহপীর সড়কটি। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে। এমনিতেই গ্রামীণ সড়কটির বেহাল দশা তার উপর গত কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্টি হওয়া ছোট-বড় গর্তে কাদা পানি জমে ডোবায় পরিণত হয়ে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারী জনসাধারণকে।
লোহাগাড়া উপজেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ সবক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সড়ক উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে লোহাগাড়া সদর, কলাউজান, পুটিবিলা ইউনিয়নের মানুষের উপজেলা ও মহাসড়কে আসা যাওয়ার একমাত্র সড়ক। সড়কটি দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ চলাচল করে। শত শত ছোট, বড় গাড়ি ও চলাচল করে সড়কটি দিয়ে।
ভারী বর্ষণ ও সংস্কারের অভাবে সড়কটির প্রায় ৫ কিলোমিটার এখন মৃত্যু ফাঁদ। কর্তৃপক্ষ মেরামতের কোন উদ্যোগ না নেয়ায় সড়কটিতে প্রতিদিন প্রায় কয়েক লাখ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটিতে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দে পরিণত হয়েছে। কোন কোন স্থানে সড়কের দু’পাশ ভেঙে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারন মানুষ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের এমন দুর্দশা দেখে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, থানা রাস্তার মাথা থেকে শুরু হয়ে শাহপীর মাজার পর্যন্ত সড়কটির বেহাল দশায় পরিণত হয়েছে।সড়কের কার্পেটিং উঠে গিয়ে ১ কিলোমিটার পর্যন্ত ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলোতে পানি জমে ডোবায় পরিণত হয়েছে। ফলে গাড়ি নিয়ে দুরের কথা হেটে চলাচল করাও দায় পড়েছে। গর্তের কারণে যানবাহন চলছে এঁকেবেঁকে। গর্ত হয়ে গাড়ি চলাচলের সময় জমে থাকা কাদা পানি মুহূর্তেই ভিজিয়ে দিচ্ছে পথচারীদের।
স্থানীয়রা জানান, উপজেলা প্রকৌশলীর অধীনে ২০১৮ সালে সড়কটি কার্পেটিং দ্বারা সংস্কার করা হয়েছিল। কিন্তু দুই বছরের মাথায় সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে তাদের। ভাঙা সড়কে হেলেদুলে চলছে গাড়ি। যেকোনো মুহূর্তেই গর্তে উল্টে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
সিএনজি চালক রহিম জানান, প্রতিদিন গাড়ি চালাতে অনেক কষ্ট হয়। সড়কটি মেরামত হলে আমাদের অনেক কষ্ট কমে যাবে। ট্রাক চালক জসীম জানান, ইট নিয়ে প্রায় সময় সড়কটি দিয়ে চলাচলের সময় গাড়ি নষ্ট হয়ে যায়। সড়কটি মেরামত করলে আমাদের জন্য ভালো হবে।
সড়কটি দ্রুততম সময়ের মধ্যে মেরামতে দাবি জানিয়ে আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র শফিক বলেন, এখন কলেজ বন্ধ আছে কিন্তু কোন কাজের কারণে কলেজে আসতে হলে চরম ভোগান্তিতে পড়তে হয়।
লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী জানান, সড়কটি সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী দিবাকর রায় বলেন, জনগুরুত্বপুর্ণ সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠাবেন বলেও জানান।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












