বাংলাধারা প্রতিবেদন »
সরকারি নির্দেশনা না মেনে যারা গণপরিবহন বের করবে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হবে। গাড়ির চালকসহ যারা সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে গাড়িতে চড়বেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। গাড়ির চালকের পাশাপাশি যে মালিক রাস্তায় গণপরিবহন বের করার অনুমতি দিবেন তার বিরুদ্ধেও ফৌজদারি মামলা দায়ের হবে।
সোমবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য দেন।
এদিকে, সরকারি নির্দেশনা অমান্য করে গাড়ি চালানোর দায়ে রোববার (১২ এপ্রিল) রাত ১০ টায় মাইক্রোবাসের মালিক, চালকসহ তিনজনকে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। যাত্রী পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

আটককৃতরা হল- গাড়ির চালক মো. জিয়াউল করিম (৩২), হেলপার মো. লুৎফুর রহমানকে (২৭) ও মাইক্রোবাসের মালিক মোস্তাফা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন জানান, বাকলিয়া থানাধীন বশিরুজ্জামান চত্ত্বরে (নতুনব্রিজ) দাঁড়িয়ে চকরিয়া যাওয়ার জন্য যাত্রী তুলেন জিয়াউল করিম ও লুৎফুর রহমান। টহল পুলিশের নজরে আসলে পুলিশ যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি জানায়। তখন যাত্রীরা নেমে যান মাইক্রোবাস থেকে। কিন্তু মাইক্রোবাসের চালক ও হেলপার যাত্রী পরিবহনে অনঢ় থাকেন। পরে পুলিশ তাদের আটক করার চেষ্টা করলে তারা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কালামিয়া বাজার এলাকায় পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে তাদের আটক করে।
বাংলাধারা/এফএস/টিএম












