বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল মান্নান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দল মনোনীত প্রার্থী নুরুল আমিনকে সমর্থন জানিয়ে তার সাথে নির্বাচনী প্রচারণায় থাকার ঘোষণাও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর কাছে লিখিতভাবে নিজের নির্বাচন প্রত্যাহারের কথা জানান মো. আব্দুল মান্নান।
এই বিষয়ে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বাংলাধারাকে বলেন, কাউন্সিলর প্রার্থী মো. আব্দুল মান্নান নির্বাচন প্রত্যাহার করেছেন। উনি চিঠি দিয়ে নিজের এই চিন্তার কথা জানান। তার এমন সিদ্ধান্তে দলের নেতাকর্মীরা খুশি। শুধুশুধু এক জায়গায় নিজেদের মধ্যে লড়াই না করে সরে দাড়ানোটা স্বস্তির ব্যাপার।
রেজাউল করিম আরও বলেন, তিনি দলের সাংগঠনিক সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তবে এই মুহুর্তে প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ না থাকায় ব্যালটে মান্নানের প্রতীক থাকলেও দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালাবেন তিনি। এতে দলের খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন নেতারা।
চসিকের প্রায় ৪১ ওয়ার্ডেই বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আছে আওয়ামী লীগের। দলের নির্দেশ মেনে কোন বিদ্রোহী প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এটিই প্রথম ঘটনা।
নির্বাচন থেকে সরে দাড়ানোর বিষয়ে আব্দুল মান্নান বলেন, ‘আমি দলের মনোনয়ন চেয়ে পাইনি। কিন্তু এলাকার জনগণ আর নেতাকর্মীদের আগ্রহে আমি নির্বাচনে প্রার্থী হই। আমার ধারণা ছিল দল হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করতেও পারে। কিন্তু সেটা যখন হয়নি তখন আমার মনে হলো দলের সিদ্ধান্ত মেনে নেয়াটা আমার দায়িত্ব।’
প্রসঙ্গত, এই মূহুর্তে দলীয় কোন পদবীতে না থাকলেও আব্দুল মান্নান দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের গত কমিটির সাংগঠনিক সম্পাদক। তবে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্বস্তি এনেছে দলের নেতাকর্মীদের মাঝে। ভবিষ্যতে আব্দুল মান্নানকে দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যাবে বলেও অনেক নেতাকর্মী আশা করছেন।
বাংলাধারা/এফএস/এআর








