প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলির আদেশ যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত চট্টগ্রাম জেলা কমিটির সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন।
সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী শিক্ষক বদলি বিষয়ক জেলা বাছাই কমিটির সভাপতি করা হয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসককে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা অফিসার, জেলা প্রশাসক কর্তৃক মনোনীত অ্যাডভোকেট মো. সেলিম উদ্দীন শাহিন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
কমিটির কার্যপরিধি অনুযায়ী, প্রতি মাসে অন্তত একবার সভা আহ্বান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা)-এর কার্যালয়ে পাঠাতে হবে।
এ ছাড়া নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করবে জেলা কমিটি। যেসব বিদ্যালয়ে শিক্ষকরা ইতোমধ্যে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ পেয়েছেন, সেসব বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকদের পদায়ন করতে হবে।
একই জেলার মধ্যে সহকারী শিক্ষকদের বদলির আবেদনও জেলা কমিটি যাচাই-বাছাই করবে। কমিটির অনুমোদনের পর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদলির আদেশ জারি করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।














