২৯ মার্চ ২০২৬

‘সহযোগী পরিচালকের পদ থেকে পদত্যাগ চাইনি’

বাংলাধারা ডেস্ক »

হাটহাজারী মাদ্রাসার মুঈনে মোহতামিম বা সহযোগী পরিচালকের পদ থেকে সরাসরি পদত্যাগ বা পদত্যাগের বিষয়ে কোনো প্রকারের সম্মতি প্রকাশ করেননি বলে মন্তব্য করেছেন জুনায়েদ বাবুনগরী। বুধবার (১৭ জুন) রাতে সংবাদমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি ।

বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে আজ হাটহাজারী মাদ্রাসার মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের শেষ পর্যায়ে কিছু বিষয় সম্পর্কে জানতে আমাকে বৈঠকে ডাকা হয়েছে। সেসব বিষয়ে আমি আমার সুস্পষ্ট বক্তব্য শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও শূরার সদস্যদের সামনে উপস্থাপন করেছি।

বাবুনগরী বলেন, বৈঠকে শূরার সদস্যদের কাছে মুঈনে মোহতামিমের পদ থেকে পদত্যাগ চাওয়া বা পদত্যাগের বিষয়ে কোনোধরনের সম্মতি আমি প্রকাশ করিনি। এবং এই বৈঠকে আমাকে মুঈনে মোহতামিমের পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে শূরার সদস্যরা আমাকে কিছুই বলেননি। বৈঠক শেষ হওয়ার অনেক পরে একজন শূরা সদস্য মুঈনে মোহতামিমের পদ থেকে আমাকে অব্যাহতির বিষয়টি জানিয়েছেন।

বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী আরও বলেন, আমি জানতে পেরেছি, মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজে মাওলানা নোমান ফয়জীর বরাতে এবং একটি ইলেকট্রনিক মিডিয়ায় মাওলানা নুরুল আমীনের বরাতে প্রচারিত হচ্ছে যে, আমি মজলিসে শূরার সদস্যদের কাছে মুঈনে মোহতামিম বা সহযোগী পরিচালকের পদ থেকে পদত্যাগের সম্মতি প্রকাশ করায় তারা আমাকে উক্ত পদ থেকে অব্যাহতি দিয়েছেন। অথচ এ কথা ভিত্তিহিন। আমি শূরার সদস্যদের কাছে পদত্যাগ চাইনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন