চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক আপ্যায়ন সম্পাদক ও বর্তমান নির্বাচিত কমিটির কার্যকরী সদস্য, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটির পরিচালক মো. আইয়ুব আলী (৫৮)-এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বাদ যোহর মরহুমের পটিয়ার শোভনদণ্ডী আবাহানা মল্লাপাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই মাওলানা মুহাম্মদ তৈয়ুব।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, পাঁচ ভাই, পাঁচ বোন, পিতা-মাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান খোরশেদ আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এস. এম. ইব্রাহীম ও সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যীশু রায় চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, নুর উদ্দীন, বিএফইউজে নির্বাহী সদস্য পর্ণব বড়ুয়া অর্ণব, সিইউজের সাংগঠনিক সম্পাদক সুভল বড়ুয়া, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির কোষাধ্যক্ষ জাকির হোসেন লুলু, দৈনিক নয়া বাংলার সম্পাদক এনায়েত উল্লাহ হিরু, চট্টগ্রাম জর্জশিপ কর্মচারী কল্যাণ পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক মো. ইকবাল হোসেন, রেজা মুজাম্মেল, গোলাম সরওয়ার ও হাবিব রেজাসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
তথ্যমতে, গত সোমবার (২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী মো. আইয়ুব আলী দীর্ঘদিন সিইউজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর কর্মনিষ্ঠা ও সহমর্মী আচরণ সহকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সাংবাদিক নেতা আইয়ুব আলীর মৃত্যুতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সাহসী ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারাল।
শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক যীশু রায় চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।












