বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক আবদুর রউফ পাটোয়ারী শনিবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর।
তিনি এক ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন।
রোববার (৩ এপ্রিল) সকাল ৯টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সাংবাদিক আবদুর রউফ পাটোয়ারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। শোক বিবৃতিতে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, তাঁর মৃত্যুতে সিইউজে একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে। এ শূন্যতা পূরণ হবার নয়। নেতারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।












