২৬ মার্চ ২০২৬

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় স্কুলশিক্ষার্থীসহ ২ জন নিহত

বাংলাধারা প্রতিবেদক »

সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ছুরিকাঘাতে তাসিফ নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ড কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত তাসিব নলুয়া ইউনিয়নের মরফলার বোর্ড অফিস এলাকার জসিম উদ্দিনের ছেলে। সে মরফলা আর এম এন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘গণ্ডগোলের খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জেনে বলা যাবে।’

এদিকে বাজালিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. আব্দুর শুক্কুর (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার।

জানা গেছে, সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্তের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আনারস প্রতীকের প্রার্থী মো. শহিদুল্লাহ চৌধুরীর সমর্থকদের সংঘর্ষ ও গুলি বিনিময় হয়। একপর্যায়ে শুক্কুর গুলিবিদ্ধ হলে তাকে স্থানীয় কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এর আগে, সাতকানিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় খাগরিয়া ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া সোনাকানিয়া ইউনিয়নে ৬, ৭, ৮ ও ৯ নম্বর কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে।

দুই বিবদমান চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির এ ঘটনা ঘটে। এদিকে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা কেন্দ্রগুলো হলো— খাগরিয়া গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্র।

আরও পড়ুন